Friday, September 7, 2018

রোহিঙ্গা গণহত্যার বিচার করবে আন্তর্জাতিক অপরাধ আদালত

তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)



রোহিঙ্গাদের দেশত্যাগে বিরল ছবি
বিরল এক আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বলেছেন, রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করার ঘটনা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত করে রায় দেওয়ার এখতিয়ার তাদের রয়েছে।

গতকাল বৃহস্পতিবার হেগের আদালতের প্রাক-বিচার চেম্বারে (প্রি-ট্রায়াল চেম্বার) এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে রয়টার্স ও এএফপি। আইসিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের পথ উন্মুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের স্বাধীন তথ্যানুসন্ধান কমিশনও মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে।

হেগের তিন বিচারপতির এই আদালত লিখিত সিদ্ধান্তে বলেছেন, 'রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশছাড়া করার মাধ্যমে তাদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে আদালতের (বিচারের) এখতিয়ার রয়েছে। এর কারণ হচ্ছে আন্তঃসীমান্ত এই অপরাধের একটি অংশ একটি সদস্য দেশে (বাংলাদেশে) সংঘটিত হয়েছে।'

আদালত বলেছেন, 'আইসিসি স্ট্যাটিউটের ৫ ধারায় বর্ণিত অপরাধ, যেমন নিপীড়নের মতো মানবতাবিরোধী ও অন্যান্য অমানবিক অপরাধের বিষয়ে আদালত তার এখতিয়ার প্রয়োগ করতে পারেন।'

এখন এ বিষয়ে আইসিসি তদন্ত শুরু করবে। এ নিয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবারের এই আদেশের ফল সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে কোনো দেশ আইসিসির সদস্য না হলেও মানবতাবিরোধী ও গণহত্যার অভিযোগে সে দেশের সংশ্নিষ্টদের বিচার করার পথ সুগম হতে পারে এই আদালতের সামনে।

আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও মিয়ানমারের ওপর আইসিসির বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে কি- না সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত চেয়ে গত এপ্রিলে আবেদন করেছিলেন এই আদালতের প্রসিকিউটর ফেতু বেনসুদা। আদালত তার আবেদন আমলে নিয়ে প্রথমে বাংলাদেশের মতামত জানতে চান। বাংলাদেশ বলেছে, এ দেশে অবস্থানরত রোহিঙ্গাদের ব্যাপারে আইসিসির পূর্ণ এখতিয়ার আছে।

আদালতের অনুমতি নিয়ে বেশ ক'জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীও বলেছেন, আইসিসির বিচারিক এখতিয়ার রয়েছে। এরপর আদালত তার প্রসিকিউটরকে এ বিষয়ে মিয়ানমারের মনোভাব জানার সিদ্ধান্ত দিয়েছিলেন।

কোন প্রেক্ষাপটে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে এবং আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও মিয়ানমারের ওপর বিচারিক এখতিয়ার আছে কি-না সে বিষয়ে ২৭ জুলাইয়ের মধ্যে জানাতে নেপিদোকে অনুরোধ জানিয়েছিলেন বেনসুদা। আইসিসি অনুরোধ জানিয়ে চিঠি পাঠালেও মিয়ানমার তা গ্রহণ করেনি এবং আদালতকে কোনো জবাবও দেয়নি। এরপর ৯ আগস্ট মিয়ানমার সরকার পাঁচ পৃষ্ঠার এক গণবিজ্ঞপ্তিতে জানায়, মিয়ানমারের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই। তাই আইসিসির অনুরোধের জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলেও মিয়ানমার মনে করে না।

জানা গেছে, মিয়ানমারের ওই গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট বেনসুদা একটি লিখিত আবেদন উপস্থাপন করেন। সেখানে তিনি জানান, বিচারিক উদ্যোগ সম্পর্কে মিয়ানমার অবগত হয়েছে এবং দেশটি জ্ঞাতসারেই এ প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই মিয়ানমারের গণবিজ্ঞপ্তি আদালতের আমলে নেওয়া ঠিক হবে না।





Thursday, August 30, 2018

সু চির পদত্যাগ করা উচিত: জাতিসংঘের মানবাধিকার প্রধান

মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে অং সান সু চি-রয়টার্স
রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিদায়ী প্রধান রাদ আল হুসেইন। খবর বিসিসির
রাদ আল হুসেইন বলেন, সু চি মিয়ানমারে এমন এক পদে ছিলেন যেখান থেকে তিনি কিছু করতে পারতেন। তিনি নিরব থাকলেও কাজ হতো। সবচেয়ে ভালো হতো সু চি যদি পদত্যাগ করতেন।
সু চি’কে মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র হওয়ারও প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন রাদ আল হুসেইন। 
গত সোমবার জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী গণহত্যার অভিপ্রায় থেকেই রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচার হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। এ জন্য দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হদ্মায়িংসহ বাহিনীর পাঁচ জেনারেলকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। 
তবে মিয়ানমার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তারা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনকে প্রবেশ করতে দেয়নি। তাই তাদের কোনো প্রতিবেদনও তারা মানবে না।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারী সেনাবাহিনীর বিরুদ্ধে নিরব থাকায় সমালোচিত সু চি'র নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি উঠলেও তা কেড়ে নেওয়া হবে না বলে বুধবার নোবেল কমিটি জানিয়েছে। সু চি তার অতীত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার পেয়েছেন তাই তার নোবেল কেড়ে নেওয়া হবে না বলে জানায় নোবেল কমিটি।
গত বছরের ২৫ আগস্ট রাখাইনে ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নির্বিচার হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন শুরু করে মিয়ানমার সেনা ও আধা সামরিক বাহিনী। এর শিকার হয়ে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উপকূলে আশ্রয় নেয়। তাদের ফেরত নিতে এর পর গত জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার চুক্তি করলেও নানা টালবাহানায় এখনও প্রত্যাবাসন শুরু করেনি।

Tuesday, August 28, 2018

‘সেনা কর্মকর্তাদের মদদেই রোহিঙ্গা গণহত্যা’

মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র সাথে দেশটির সেনাপ্রধান। - ছবি: বিবিসি
মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রাখাইন অঞ্চলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
মিয়ানামারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য নৃ-তাত্ত্বিক সংখ্যালঘুদের উপর গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অভিযুক্ত করেছে জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদন।
জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির শীর্ষ ছয়জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এবং বিচার হওয়া দরকার।
কয়েকশ' মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে রোহিঙ্গাদের উপর সহিংসতার বিষয়ে প্রতিবেদনটি তৈরি করে জাতিসংঘ, যা সোমবার প্রকাশ করা হয়েছে।
এই প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘের দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
রাখাইন অঞ্চলে প্রকৃত নিরাপত্তা ঝুঁকির তুলনায় মিয়ানমারের সেনাবাহিনীর পদক্ষেপ অনেক বেশি অসম ছিল বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যার অভিযোগে মিয়ানমারের শীর্ষ ছয়জন সামরিক কর্মকর্তার বিচার হওয়া প্রয়োজন। রোহিঙ্গাদের উপর সহিংসতা থামানোর জন্য হস্তক্ষেপ করতে ব্যর্থ হওয়ায় মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র কড়া সমালোচনাও করা হয়েছে এ প্রতিবেদনে।
এছাড়া, ঘটনা বিচারের জন্য বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য আহবান জানানো হয়েছে জাতিসংঘের এ প্রতিবেদনে।
মিয়ানমারের সরকার বরাবরই বলেছে যে রাখাইন অঞ্চলকে জঙ্গিদের ঝুঁকি মুক্ত করার জন্য সুনির্দিষ্ট অভিযান চালানো হয়েছে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, ‘সামরিক প্রয়োজনে নির্বিচারে হত্যা, গণ-ধর্ষণ, শিশুদের উপর হামলা এবং পুরো গ্রাম জ্বালিয়ে দেবার বিষয়টি কখনো সমর্থনযোগ্য হতে পারে না।’
মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ তদন্ত করার জন্য ২০১৭ সালের মার্চ মাসে জাতিসংঘ একটি নিরপেক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করে।
ওই বছরের অগাস্ট মাসে রাখাইন অঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক অভিযানের আগেই এটি গঠন করা হয়। মিয়ানমারের ওই অভিযানের ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
এ প্রতিবেদনে রাখাইন অঞ্চল ছাড়াও মিয়ানমারের কাচিন এবং শান অঞ্চলের কথাও উল্লেখ করা হয়েছে।
ওইসব এলাকায় মানবাধিকার লঙ্ঘনের চিত্রও উঠে এসেছে জাতিসংঘের এ প্রতিবেদনে।
গত বছরের অগাস্ট মাসের ২৫ তারিখের পর থেকে সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে।
জাতিসংঘের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন অবশ্য মিয়ানমারে ঢুকতে পারেনি।
কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ, স্যাটেলাইট ইমেজ, ছবি এবং ভিডিও'র উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়।
জাতিসংঘের প্রতিবেদনে মিয়ানমারের যে শীর্ষ ছয় সেনা কর্মকর্তাকে এসব ঘটনার জন্য দায়ী করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর প্রধান মিং অং হ্লাইং।

আরো পড়ুন মিয়ানমার সেনাপ্রধানকে নিষিদ্ধ করল ফেসবুক