Sunday, December 9, 2018

নৌকা নিয়ে লড়বেন ২৭২ জন



জোটসঙ্গীসহ আওয়ামী লীগ মোট ২৭২জনকে নৌকা প্রতীক দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সবাই মাহজোটের প্রার্থী উল্লেখ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে আওয়ামী লীগ। বাকী আসনগুলোতে জোটের শরিকরা নিজ দলের প্রতীক নিয়ে লড়বেন।

আওয়ামী লীগের সাথে জোটগতভাবে নির্বাচনে যাওয়া জাতীয় পার্টির জন্য ২৬টি আসন ফাঁকা রেখেছে ক্ষমতাসীন দলটি। তবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোটের শরিক হিসেবে তাদের ২৯টি আসন ছাড়া হয়েছে।

রোববার নির্বাচন কমিশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে চিঠিতে দলের একক প্রার্থী ও তার শরিকদের নৌকা প্রতীক দিতে ২৭২ জনের তালিকা দেওয়া হয়।

আওয়ামী লীগের ২৫৮ জনের পাশাপাশি ওয়ার্কার্স পার্টির পাঁচ, জাসদের তিন, তরিকত ফেডারেশনের দুই, বাংলাদেশ জাসদের এক ও বিকল্পধারার তিনজন নৌকা প্রতীকে ভোট করবেন। জোটের অন্য শরিক জাতীয় পার্টি (জেপি) দুইজন দলীয় প্রতীক ‘বাই সাইকেল’ নিয়ে ভোটে থাকছেন।

আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৭৪ জনের তালিকা দেওয়ায় বাকি ২৬টি আসন থাকছে জাতীয় পার্টির জন্য। এসব আসনে মহাজোটের শরিক দলটির প্রতীক লাঙ্গলের জন্য একক প্রার্থী রাখা হতে পারে। সেক্ষেত্রে লাঙ্গল ছাড়া জোটের অন্য শরিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হতে পারে কিংবা দলীয়ভাবে ভোট করার ঘোষণা আসতে পারে।

এদিকে জাতীয় পার্টি ১৭৩ জনের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ২৯ আসনে মহাজোটের সাথে ভোট করবে তারা। বাকি আসনগুলো ‘উন্মুক্ত’ বিবেচনায় তাদের প্রার্থীরা ভোটের লড়াইয়ে থাকছেন।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের কাছে প্রার্থীর পরিচয় প্রতীক দিয়ে। যে প্রতীকে ভোট করবেন, তিনি সংশ্লিষ্ট দলের। সে হিসাবে নৌকার প্রার্থী ২৭২ জন। বাকি ২৮টি আসনে জোটগতভাবে ভোট করতে হবে আওয়ামী লীগকে।

নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি দলীয় ও তাদের জোটসঙ্গী দলগুলোর নেতাদের মিলিয়ে ২৯৮ জনকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

বিএনপির নতুন-পুরনো জোটসঙ্গী মিলিয়ে সব দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও একমাত্র এলডিপির অলি আহমদ নিজ দলের প্রতীক ‘ছাতা’ নিয়ে ভোটের লড়াইয়ে থাকছেন।

এছাড়া কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদ বিএনপির সমর্থন পাচ্ছেন। ধানের শীষের ২৯৮ প্রার্থীর মধ্যে বিএনপি নেতা রয়েছেন ২৪২ জন। এর বাইরে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর ১৯ জন, জামায়াতে ইসলামী বাদে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর ১৬ জন এবং জামায়াতের ২২ জন নেতা রয়েছেন।

পাঁচ বছর আগের দশম সংসদ নির্বাচন বিএনপি নেতৃত্বাধীন জোট বর্জন করে।

তার আগে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ২৬৪ আসনে একক প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। তাদের জোটসঙ্গী জাতীয় পার্টি প্রার্থী দিয়েছিল ৪৯ আসনে।

ওই নির্বাচনে ২৬০ আসনে একক প্রার্থী দেয় বিএনপি। বাকিগুলোতে জামায়াতে ইসলামীসহ তাদের অন্য জোটসঙ্গীদের প্রার্থী ছিল।

(Daily naya diganta)


Sunday, December 2, 2018

প্রার্থী-বাতিল-৭৮৬-বৈধ-প্রার্থী-২২৭৯

প্রার্থী বাতিল ৭৮৬,  বৈধ প্রার্থী ২২৭৯ - সংগৃহীত

দু’হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হলেও ৭৮৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটাণিং কর্মকর্তারা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেন গত ২৮ডিসেম্বর। আর রোববার যাচাই-বাছাই প্রক্রিয়াতে বিরাট ও রেকর্ড সংখ্যক ব্যক্তির মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 

বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা একে আলী আজম জানান, ঢাকা সিটির ১৫টি আসনে ৫২টি মনোনয়নপত্র বাতিল এবং ১৬১টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়। যেখানে ১৫টি সংসদীয় আসনে মোট ২১৩ জন প্রার্থীতার জন্য মনোনয়নপত্র দাখিল করেন।

তার দেয়া তথ্যানুযায়ী, ঢাকা-৪ আসনে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের তালিকায় নাম রয়েছে গণফোরাম প্রার্থী নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের নামও।

ঢাকা-৫ আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়াসহ তিন জনের মনোনয়নপত্র। এ আসনে একজনের মনোনয়ন স্থগিত হয়েছে।

ঢাকা-৬ আসনে ১৩ জনের মধ্য ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তবে বাতিল হয়ে গেছে ৩ জনের মনোনয়নপত্র।

ঢাকা-৭ আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৯ জনের মধ্যে ১৪ জনের প্রার্থীতা বৈধ ঘোাষণা হয়েছে। বাতিল হয়েছে বিএনপির প্রার্থী দলটির সাবেক নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তারসহ ৪ জনের প্রার্থীতা।

ঢাকা-৮ আসনে মোট ২২ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে বিএনপির মির্জা আব্বাস, মহাজোটে রাশেদ খান মেননসহ ১৪ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয়েছে ৭ জনের।

ঢাকা-৯ আসনে মোট ১০ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাকিদের প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে। এ আসনে ৮০টি মামলা নিয়ে নির্বাচনে লড়বেন বিএনপির অপর প্রার্থী হাবিবুর রশিদ।

ঢাকা-১০ আসনে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ঋণখেলাপীর অভিযোগে গণফোরাম প্রার্থী খন্দকার ফরিদুল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর এনবিআরে ৩ হাজার টাকা বকেয়া থাকায় জাতীয় পার্টি প্রার্থী হেলাল উদ্দিনের মনোনয়ন স্থগিত করা হয়।

ঢাকা-১১ আসনে ১১ জন তাদের মনোনয়ন দাখিল করলেও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়ার হলফনামায় ভুল থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। বাকিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-১২ আসনে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেন। তাদের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ২৬৭টি মামলা নিয়েও বৈধতা পেয়েছেন সাইফুল আলম নিরব এবং ৭২টি মামলা নিয়ে উতরে গেছেন আনোয়ারুজ্জামান। একইভাবে ঢাকা-১৩ আসনে মোট ১২ জন প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়

ঢাকা-১৪ আসনে মোট ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঋণখেলাপী ও হলফনামায় ভুল তথ্য দেয়ার অভিযোগে বিএনপির প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিকসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে ১৪টি মামলা নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বৈধতা পেয়েছেন বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজু ও ৬টি মামলা নিয়ে আছেন বিএনপির আরেক নেতা সাবেক ফুটবলার আমিনুল হক।

ঢাকা-১৫ আসনে মোট ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। ঋণখেলাপীর অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মুকুল আমিনসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঢাকা-১৬ আসনে ১৯ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে ঋণখেলাপী, হলফনামায় তথ্য ভুল থাকায় গণফোরামের প্রার্থী খন্দকার ফরিদুল আকবর, বিএনপির প্রার্থী একে মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির প্রার্থী আমানত হোসেনসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঢাকা-১৭ আসনে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিএনপি প্রার্থী শওকত আজিজসহ ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। সংশোধনের জন্য ২ জনের প্রার্থীতা স্থগিত করা হয়।

ঢাকা-১৮ আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণ করা হয়।

ঢাকার ছয় জেলায় ১১৬টিই বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৬৩টি মনোনয়নপত্র। তবে এখানে দাখিল ৪৭৭টি মনোনয়নপত্র দাখিল করা হয়। ঢাকা অঞ্চলের মানিকগঞ্জ জেলার তিনটি আসনে মোট ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আটজনের মনোননয়ন বাতিল ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনে মোট ৩০জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ছয়জনের মনোননয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা জেলার ২০টি আসনে মোট ২৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৭১ জনের মনোননয়ন বাতিল হয়েছে। গাজীপুর জেলার পাঁচটি আসনে মোট ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১০ জনের মনোননয়ন বাতিল ঘোষণা করা হয়।

নরসিংদী জেলার পাঁচটি আসনে মোট ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সাতজনের মনোননয়ন বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ৬১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১৪ জনের মনোননয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।


(copy: daily nayadiganta)

Sunday, November 11, 2018

কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে


বাংলাদেশে ঠিক কী ঘটতে যাচ্ছে, আমরা তা ঠাহর করতে পারছি না। যারা আমার মতো বয়োবৃদ্ধ, তাদের মনে পড়ছে এই উপমহাদেশের দেশীয় রাজ্য কাশ্মির ও হায়দরাবাদের কথা। ব্রিটিশ শাসনামলে তদানীন্তন ভারতীয় উপমহাদেশে পাঁচ ভাগের দুই ভাগ ছিল, যাকে বলা হতো ‘দেশীয় রাজ্য’। এসব রাজ্য সরাসরি ব্রিটিশ শাসনের আওতায় ছিল না; ছিল দেশীয় শাসকদের নিয়ন্ত্রণে। তাদের মেনে চলতে হতো ব্রিটেনের সঙ্গে বিশেষ ধরনের চুক্তি, যাকে বলা হতো ‘বাধ্যতামূলক বন্ধুতা’।
এসব রাজ্যের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না। সবচেয়ে বড় দু’টি দেশীয় রাজ্য ছিল কাশ্মির ও হায়দরাবাদ। এই হায়দরাবাদের শাসককে বলা হতো নিজাম। ১৯৪৭ সালে ব্রিটেন ভারত উপমহাদেশ ত্যাগ করে চলে যায়। তখন ব্রিটিশ পার্লামেন্ট পাস করে Indian Independence Act। এতে বলা হয়, দেশীয় রাজ্যগুলো হয় পাকিস্তান, নয় ভারত রাষ্ট্রে যোগ দেবে। অথবা তারা ইচ্ছা করলে থাকতে পারবে স্বাধীন। কাশ্মির ছিল মুসলিমপ্রধান দেশীয় রাজ্য, যার রাজা ছিলেন ডোগরাভাষী হিন্দু। তিনি যোগ দেন ভারতে। অন্য দিকে, হায়দরাবাদের শাসক বা নিজাম ছিলেন মুসলমান।
কিন্তু হায়দরাবাদ ছিল হিন্দুপ্রধান দেশীয় রাজ্য। হায়দরাবাদের নিজাম থাকতে চাইলেন স্বাধীন। হায়দরাবাদের মানুষের ভাষা হলো অন্ধ্রের মতো তেলেগু। তবে হায়দরাবাদের রাজকার্য ও লেখাপড়া চলত উর্দু ভাষার মাধ্যমে। কাশ্মির ভারতে যোগদান করার পর কাশ্মিরের মানুষ বিদ্রোহ ঘোষণা করে। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহেরলাল নেহরু কাশ্মির সমস্যাকে নিয়ে যান জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদে বলা হয়, কাশ্মির সমস্যা সমাধান করা হবে গণ-অভিমত গ্রহণ করে যা আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি।

কাশ্মিরের একটা অংশ স্বাধীন হয়ে যায়, যাকে এখন বলা হয় আজাদ কাশ্মির। বাকি অংশ থাকে ভারতের সঙ্গে যুক্ত। কাশ্মিরের একটা জেলাকে বলা হতো লাদাখ। এটা একসময় ছিল তিব্বতের অংশ। এখানকার মানুষ দেখতে অবিকল তিব্বতিদের মতো। ধর্মে এরা হিন্দু নয়, শিখ নয়; লামা বৌদ্ধ। চীন ১৯৬২ সালে যুদ্ধ করে লাদাখ দখল করে নেয়। এর আয়তন হলো ১২ হাজার বর্গমাইল। অর্থাৎ বর্তমান কাশ্মির হয়েছে ত্রিধাবিভক্ত। ‘আজাদ কাশ্মির’ কার্যত যুক্ত হয়ে পড়েছে পাকিস্তানের সঙ্গে। লাদাখ যুক্ত হয়ে পড়েছে চীনের তিব্বতের সঙ্গে। কাশ্মির ও জম্মু যুক্ত আছে ভারতের সঙ্গে। তবে কাশ্মিরবাসী মুসলমানরা চাচ্ছেন স্বাধীন হতে।

অন্য দিকে, হায়দরাবাদের নিজাম স্বাধীন থাকতে পারেননি। ভারত হায়দরাবাদ দখল করে নেয়। হায়দরাবাদ দখলের কথা আমার মনে আসছে, কারণ ভারতের বিজেপি নেতা এবং লোকসভার সদস্য সুব্রামোনিয়াম স্বামী হুমকি দিচ্ছেন বাংলাদেশকে দখল করে নেয়ার। বাংলাদেশ ভারত দিয়ে তিন দিক ঘেরা। ভারত তাই সহজেই বাংলাদেশে পাঠাতে পারে তার সৈন্য। আর বাংলাদেশ হায়দরাবাদের মতোই হয়ে পড়তে পারে ভারতের অধীন। কেবল তাই নয়, ভারতের আসাম প্রদেশ থেকে প্রায় ১৩ কোটি বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশের মধ্যে ঠেলে দেয়ার কথা হচ্ছে। এটা করলে বাংলাদেশে সৃষ্টি হবে বিরাট মানবিক বিপর্যয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তখন পড়বে হুমকির মুখে।
ভারত ধনী দেশ নয়। ভারতের পত্রপত্রিকা খুললেই চোখে পড়ে, দেশটির অনেক অঞ্চলে অনেক কৃষক মারা যাচ্ছেন অনাহারে। তথাপি ভারত রাশিয়ার কাছ থেকে এ বছর কিনল সাড়ে পাঁচ শ’ কোটি ডলারের অস্ত্রসম্ভার। প্রশ্ন উঠছে, ভারত এত অস্ত্র কিনছে কেন? এর একটা উদ্দেশ্য হতে পারে, বাংলাদেশ আক্রমণ করে তা দখল করা। তাই বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রনীতিবিদদের প্রধান বিবেচ্য হওয়া উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা নিয়ে চিন্তা-ভাবনা করা। জাতীয় পর্যায়ে ভোট হলে আমরা তাতে অবশ্যই অংশ নেব। আমরা চাই, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হোক। কিন্তু বিদ্যমান অবস্থায় গণতন্ত্রই কেবল আমাদের ভাবনার বিষয় হতে পারে না। ভাবনার বিষয় হওয়া উচিত, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। কিন্তু গণতন্ত্রের জন্য উচ্ছ্বাসে মনে হচ্ছে, আমরা আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা যেন বিস্মৃত হতে চাচ্ছি। তাই আমার এ কথা মনে করিয়ে দেয়া।
১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে প্রস্তাব রেখেছিল ‘স্ট্যাটাস অব ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ করার জন্য। কিন্তু বাংলাদেশ সরকার সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করতে চায়নি। এর কারণ ছিল, ভারত ও চীনকে অসন্তুষ্ট না করা। কিন্তু এখন পরিস্থিতি বিশেষভাবে বদলে গেছে। ভারত হুমকি দিচ্ছে বাংলাদেশকে দখল করার। অন্য দিকে, মূল চীনের হান চীনারা আরম্ভ করেছে চীনের মুসলমানদের ওপর ভয়াবহ অত্যাচার। চীনে সাধারণত দুই ধরনের মুসলমান দেখতে পাওয়া যায়। এক ধরনের মুসলমানকে বলা হয় উইঘুর। অন্য ধরনের মুসলমানকে বলা হয় হুই। উইঘুর মুসলমানেরা তুর্কি মুসলিম বংশোদ্ভূত। এরা বাস করেন মহাচীনের সিংকিয়াং বা জিনজিয়াং প্রদেশে। এরা একসময় ছিলেন স্বাধীন। খ্রিষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে চীনের একজন মাঞ্চু রাজা এই অঞ্চল দখল করেন। সেই থেকে এ অঞ্চল হতে শুরু করে মহাচীনের অংশ হিসেবে বিবেচিত।
চীনের হুই মুসলমানেরাও প্রধানত তুর্কি বংশোদ্ভূত। কিন্তু তারা স্বেচ্ছায় চীনে আসেনি। এদের পূর্বপুরুষকে মধ্য এশিয়া থেকে চেঙ্গিস খান ধরে আনেন চীনে দাস হিসেবে কাজ করার জন্য। ওদের সঙ্গে চীনাদের মিশ্রণ ঘটেছে। তবে হুইদের বংশধররা পছন্দ করেছেন মুসলিম ধর্ম বজায় রাখতে। সম্প্রতি মূল চীনারা প্রায় ১০ লাখ উইঘুর মুসলমানকে বন্দী করেছে। আর করছে তাদের ওপর পীড়ন (TIME, October 1, 2018, P-8)। বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ। তুর্কি মুসলমানদের ওপর, তারা মুসলমান ও তুর্কি বলে মূল চীনারা অত্যাচার করবে, এটা বাংলাভাষী মুসলমানকে ক্ষুব্ধ না করে পারে না। কেননা, বাংলাভাষী মুসলমানদের মধ্যেও আছে মধ্য এশিয়া থেকে আগত তুর্কি মুসলমানদের প্রভাব। তাই এখন চীনের প্রতি তাদের শ্রদ্ধা হ্রাস পাচ্ছে। আর তারা সরে যেতে চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে।
এখন যদি স্ট্যাটাস অব ফোর্সেস অ্যাগ্রিমেন্টের অনুরূপ কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রদান করে, তবে সেটা বাংলাদেশ কর্তৃক গৃহীত হতেও পারে। সেটা তার জাতীয় অস্তিত্ব রক্ষার জন্যই বিবেচিত হতে পারবে আবশ্যিক হিসেবে। যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া অথবা চীনের সঙ্গে হতে পারে তার একটা খুব বড় রকমের যুদ্ধ। তাই সে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ‘মহাকাশ বাহিনী’ গড়ার। মনে করা হচ্ছে মহাকাশ যার নিয়ন্ত্রণে থাকবে, পৃথিবীকে সে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত করতে পারবে।
রোহিঙ্গা সমস্যা নিয়ে আর কেউ বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে এসে দাঁড়িয়েছে। রাশিয়া, চীন ও ভারত কার্যত এ ইস্যুতে মিয়ানমারকে সমর্থন জানাচ্ছে। এ জন্যও বাংলাদেশকে ক্রমেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে সরে যেতে হবে বলে মনে করা যায়। অনেকের ধারণা, মুসলমানেরা ধর্মান্ধ। কিন্তু মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা কম ধর্মান্ধ নয়। তারা তাদের সরকারকে দিচ্ছে বিশেষভাবে সমর্থন। কিন্তু এ জন্য তাদের বলা হচ্ছে না, ‘বৌদ্ধ মৌলবাদী’; যদিও শব্দটা প্রয়োগ করলে তাদের ক্ষেত্রেও যে ভুল করা হয়, তা বোধহয় নয়। কথাগুলো আমার মনে পড়ছে, কেননা আমাদের দেশে একজন খ্যাতনামা নেতা হলেন বিখ্যাত চিকিৎসক বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেছেন, তিনি এমন কোনো দলের সাথে জোট বাঁধতে তিনি প্রস্তুত নন, যারা মুসলিম মৌলবাদকে সমর্থন করে। কিন্তু বাংলাদেশে কি প্রবল মুসলিম মৌলবাদী দল আদৌ আছে? বাংলাদেশের দু’টি বড় রাজনৈতিক দল, একটি হলো আওয়ামী লীগ আর একটি হলো বিএনপি। এরা কেউই মুসলিম মৌলবাদী দল নয়। তিনি এ দুই দলের সাথে জোট বাঁধবেন কি বাঁধবেন না, সেটা তার রাজনৈতিক ভাবনার ব্যাপার। কিন্তু তা বলে মুসলিম মৌলবাদের ভীতি ছড়িয়ে নিজেকে প্রগতিশীল প্রমাণ করার চেষ্টা বর্তমান পরিস্থিতিতে বাড়াবাড়ি মাত্র।
লেখক : প্রবীণ শিক্ষাবিদ ও কলামিস্ট
(Copy dailynayadiganta)