Friday, September 7, 2018

রোহিঙ্গা গণহত্যার বিচার করবে আন্তর্জাতিক অপরাধ আদালত

তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)



রোহিঙ্গাদের দেশত্যাগে বিরল ছবি
বিরল এক আদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বলেছেন, রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করার ঘটনা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত করে রায় দেওয়ার এখতিয়ার তাদের রয়েছে।

গতকাল বৃহস্পতিবার হেগের আদালতের প্রাক-বিচার চেম্বারে (প্রি-ট্রায়াল চেম্বার) এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে রয়টার্স ও এএফপি। আইসিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে মিয়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের পথ উন্মুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের স্বাধীন তথ্যানুসন্ধান কমিশনও মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে।

হেগের তিন বিচারপতির এই আদালত লিখিত সিদ্ধান্তে বলেছেন, 'রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশছাড়া করার মাধ্যমে তাদের ওপর মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে আদালতের (বিচারের) এখতিয়ার রয়েছে। এর কারণ হচ্ছে আন্তঃসীমান্ত এই অপরাধের একটি অংশ একটি সদস্য দেশে (বাংলাদেশে) সংঘটিত হয়েছে।'

আদালত বলেছেন, 'আইসিসি স্ট্যাটিউটের ৫ ধারায় বর্ণিত অপরাধ, যেমন নিপীড়নের মতো মানবতাবিরোধী ও অন্যান্য অমানবিক অপরাধের বিষয়ে আদালত তার এখতিয়ার প্রয়োগ করতে পারেন।'

এখন এ বিষয়ে আইসিসি তদন্ত শুরু করবে। এ নিয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবারের এই আদেশের ফল সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে কোনো দেশ আইসিসির সদস্য না হলেও মানবতাবিরোধী ও গণহত্যার অভিযোগে সে দেশের সংশ্নিষ্টদের বিচার করার পথ সুগম হতে পারে এই আদালতের সামনে।

আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও মিয়ানমারের ওপর আইসিসির বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে কি- না সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত চেয়ে গত এপ্রিলে আবেদন করেছিলেন এই আদালতের প্রসিকিউটর ফেতু বেনসুদা। আদালত তার আবেদন আমলে নিয়ে প্রথমে বাংলাদেশের মতামত জানতে চান। বাংলাদেশ বলেছে, এ দেশে অবস্থানরত রোহিঙ্গাদের ব্যাপারে আইসিসির পূর্ণ এখতিয়ার আছে।

আদালতের অনুমতি নিয়ে বেশ ক'জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীও বলেছেন, আইসিসির বিচারিক এখতিয়ার রয়েছে। এরপর আদালত তার প্রসিকিউটরকে এ বিষয়ে মিয়ানমারের মনোভাব জানার সিদ্ধান্ত দিয়েছিলেন।

কোন প্রেক্ষাপটে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে এবং আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও মিয়ানমারের ওপর বিচারিক এখতিয়ার আছে কি-না সে বিষয়ে ২৭ জুলাইয়ের মধ্যে জানাতে নেপিদোকে অনুরোধ জানিয়েছিলেন বেনসুদা। আইসিসি অনুরোধ জানিয়ে চিঠি পাঠালেও মিয়ানমার তা গ্রহণ করেনি এবং আদালতকে কোনো জবাবও দেয়নি। এরপর ৯ আগস্ট মিয়ানমার সরকার পাঁচ পৃষ্ঠার এক গণবিজ্ঞপ্তিতে জানায়, মিয়ানমারের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই। তাই আইসিসির অনুরোধের জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলেও মিয়ানমার মনে করে না।

জানা গেছে, মিয়ানমারের ওই গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট বেনসুদা একটি লিখিত আবেদন উপস্থাপন করেন। সেখানে তিনি জানান, বিচারিক উদ্যোগ সম্পর্কে মিয়ানমার অবগত হয়েছে এবং দেশটি জ্ঞাতসারেই এ প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই মিয়ানমারের গণবিজ্ঞপ্তি আদালতের আমলে নেওয়া ঠিক হবে না।





Thursday, August 30, 2018

সু চির পদত্যাগ করা উচিত: জাতিসংঘের মানবাধিকার প্রধান

মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে অং সান সু চি-রয়টার্স
রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিদায়ী প্রধান রাদ আল হুসেইন। খবর বিসিসির
রাদ আল হুসেইন বলেন, সু চি মিয়ানমারে এমন এক পদে ছিলেন যেখান থেকে তিনি কিছু করতে পারতেন। তিনি নিরব থাকলেও কাজ হতো। সবচেয়ে ভালো হতো সু চি যদি পদত্যাগ করতেন।
সু চি’কে মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র হওয়ারও প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেন রাদ আল হুসেইন। 
গত সোমবার জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী গণহত্যার অভিপ্রায় থেকেই রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচার হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। এ জন্য দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হদ্মায়িংসহ বাহিনীর পাঁচ জেনারেলকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। 
তবে মিয়ানমার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তারা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনকে প্রবেশ করতে দেয়নি। তাই তাদের কোনো প্রতিবেদনও তারা মানবে না।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারী সেনাবাহিনীর বিরুদ্ধে নিরব থাকায় সমালোচিত সু চি'র নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি উঠলেও তা কেড়ে নেওয়া হবে না বলে বুধবার নোবেল কমিটি জানিয়েছে। সু চি তার অতীত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার পেয়েছেন তাই তার নোবেল কেড়ে নেওয়া হবে না বলে জানায় নোবেল কমিটি।
গত বছরের ২৫ আগস্ট রাখাইনে ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযানের নামে নির্বিচার হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন শুরু করে মিয়ানমার সেনা ও আধা সামরিক বাহিনী। এর শিকার হয়ে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উপকূলে আশ্রয় নেয়। তাদের ফেরত নিতে এর পর গত জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার চুক্তি করলেও নানা টালবাহানায় এখনও প্রত্যাবাসন শুরু করেনি।

Wednesday, August 29, 2018

জাতিসংঘের প্রতিবেদন মিয়ানমারের প্রত্যাখ্যান

জাতিসংঘের প্রতিবেদন মিয়ানমারের প্রত্যাখ্যান - এএফপি
রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের বিষয়ে দেওয়া জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।
রাখাইনে রোহিঙ্গা ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ সেনাবাহিনীর অভিযানের বিষয়ে দেওয়া জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। মিয়ানমার সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বলে এএফপি সংবাদ প্রচার করেছে। 
মিয়ানমার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ লাইট খবর প্রকাশ করে। যেখানে সরকারের মুখপাত্র জ হতে জানান, ‘আমরা জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনকে মিয়ানমারে ঢুকতে দিইনি। তাই মানবাধিকার পরিষদের দেওয়া বক্তব্যের সাথে একমত নই এবং মানবাধিকার কাউন্সিলের সুপারিশ গ্রহণ করতে পারছি না।’ 
গত ২৭ অগাস্ট জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এক প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের উদ্দেশ্যই ছিল গণহত্যা। এ জন্য মিয়ানমারের সেনারা সেখানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও ধর্ষণ করেছে। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। 
রাখাইনে মানবতাবিরোধী এসব অপরাধের অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংসহ ছয় জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে।
ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরুর পর এই প্রথম মিয়ানমার সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এল।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত এক বছর ধরে মাঠপর্যায়ে কাজ করে অন্তত ৮৭৫ জন রোহিঙ্গার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরি করে জাতিসংঘ। প্রতিবেদন তৈরিতে তারা ভিডিও ফুটেজ, স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছে। 
প্রতিবেদন প্রসঙ্গে জ হতে দাবি করেন, তার দেশ মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেসব ‘ভুয়া’ অভিযোগ এ পর্যন্ত করেছে, সেগুলো তদন্তের জন্যও মিয়ানমার একটি কমিশন গঠন করেছে।  
জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিনই ফেইসবুক কর্তৃপক্ষ জানায়, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী প্রধানসহ শীর্ষ জেনারেলদের ১৮টি অ্যাকাউন্ট ও ৫২টি পৃষ্ঠা তারা বন্ধ করে দিচ্ছে।
গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের প্রকাশিত সাক্ষাৎকারে জ হতে জানান, মিয়ানমার সরকার কারো ফেইসবুক বন্ধ করতে বলেনি। ফেইসবুক কর্তৃপক্ষ ওই পদক্ষেপ নিয়ে জনগণের মধ্যে ‘আতঙ্ক’ তৈরি করেছে। 
ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আর ফেইসবুকের সিদ্ধান্ত ‘একই সূত্রে গাঁথা’ মন্তব্য জ হতে জানান, আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি দৃঢ়ভাবে বলতে চাই, হিউম্যান রাইটস কাউন্সিলের কোনো রেজুলেশনর আমরা মেনে নেব না।”  ( কপি daily naya diganta)